Dhaka Mail Logo

সারাদেশ

ভালুকায় বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালক, হেলপার ও কন্ট্রাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিড়িচাপিলা সাধুপাড়া এলাকার ইয়াসিন সরকারের ছেলে বাসচালক রবিউল করিম সরকার (২৬), নাটোরের ইব্রাহিমপুর এলাকার ফিরোজ মোল্লার ছেলে বাসের হেলপার হালিম মোল্লা (৩৫) এবং নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে কন্ট্রাক্টর মাহবুবুর রহমান (৩০)।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার কালিয়াকৈর থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে ওই কিশোরী বাসে ওঠে। একপর্যায়ে বাসচালক বাসটি ঢাকার পরিবর্তে ভালুকার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে যান। সেখানে অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে কিশোরীকে বাসের পেছনের আসনে বসিয়ে রাখা হয়।

এ সময় কিশোরী বাসের লোকজনের কাছে গন্তব্য পরিবর্তনের কারণ জানতে চাইলে তারা তাকে ঢাকাগামী অন্য বাসে তুলে দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তারা কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা বাসচালক, হেলপার ও কন্ট্রাক্টরকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) ভালুকা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন জানান, যাত্রীবাহী বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় তিন আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস