জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
মানুষের জীবিকা নির্বাহের পেশা কত বিচিত্র! লাল পিঁপড়ার ডিম সংগ্রহ ও বিক্রি করেই সংসার চলে অনেকের। তাদের একজন খন্দকার শাকিল। ৪০ বছর বয়সী শাকিলের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা হাড়ভাঙ্গা এলাকায়।
জানা যায়, একসময় রাজমিস্ত্রির কাজের ঠিকাদারি করতেন শাকিল। তবে তুলনামূলক বেশি লাভ হওয়ায় সেই পেশা ছেড়ে এখন লাল পিঁপড়ার ডিম সংগ্রহ ও বিক্রি করছেন তিনি। পিঁপড়ার ডিম ও পাউরুটি মিশিয়ে তৈরি করা হয় মাছ ধরার বিশেষ খাবার। মাছ শিকারে ব্যবহৃত এই খাবারের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পিঁপড়ার ডিমের চাহিদা রয়েছে।
গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় লম্বা বাঁশের মাথায় নেট দিয়ে তৈরি বিশেষ ঝুড়ি ব্যবহার করে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে দেখা যায়। এ পদ্ধতিতে পিঁপড়ার বাসায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে বাসা ভেঙে ডিম ঝুড়িতে পড়ে জমা হয়। এভাবেই সংগ্রহ করা হয় পিঁপড়ার ডিম।
বছরের প্রায় আট মাস এভাবে ডিম সংগ্রহ করা যায়। শীতকাল শুরু হলে পরবর্তী দুই মাস পিঁপড়ার ডিম পাড়া বন্ধ থাকে বলে দাবি করেন এ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এ সময় তাদের অন্য কাজ করতে হয়।
সাধারণত বিভিন্ন ঝোপঝাড় ও বড় গাছের ডালে লাল পিঁপড়ার বাসা গড়ে ওঠে। শাকিল জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে ডিম সংগ্রহ করেন তিনি। সারাদিনে দেড় থেকে তিন কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করা সম্ভব হয়। প্রতি কেজি ডিম বিক্রি করেন ১ হাজার ৫০০ টাকায়। এ কাজের জন্য প্রতিদিন তাকে ২০ থেকে ২৫ কিলোমিটার পথ হাঁটতে হয়।
সংগ্রহ করা ডিম স্থানীয় কলাকোপা ও ধাপারী বাজারে বিক্রি করেন শাকিল। এ ছাড়া রাজধানীতেও পিঁপড়ার ডিমের বেচাকেনা হয়।
শাকিল জানান, বাবা-মা, স্ত্রী ও এক সন্তান নিয়ে তার সংসার। পিঁপড়ার ডিম বিক্রির আয়েই ভালোভাবে সংসার চলছে। তিনি বলেন, “একসময় রাজমিস্ত্রির ঠিকাদারি কাজ করতাম। সেখান থেকে সরে এসে গত চার বছর ধরে পিঁপড়ার ডিম সংগ্রহ ও বিক্রি করছি। এ কাজে ভালো দাম পাওয়া যায়।”
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বিচারে পিঁপড়ার বাসা ভেঙে ডিম সংগ্রহ করা হলে ভবিষ্যতে এসব লাল পিঁপড়া সংকটে পড়তে পারে।
প্রতিনিধি/এসএস