Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ এএম

নাশকতা, নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে জননিরাপত্তা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পূর্বধলা উপজেলার তিনজন রয়েছেন। তারা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী মঈন উদ্দিন মামুন, যুবলীগকর্মী মো. শাকিল ও ছাত্রলীগকর্মী পিয়াম।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এদিকে, নেত্রকোনা সদর থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় রাসেল, রাব্বি ও শরিফ নামের আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এর আগে বিপ্লব দত্ত নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকেও গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি আবুল খায়ের।

পৃথক অভিযানে মোহনগঞ্জে মশাল মিছিলের পর জুয়েল মিয়া নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম।

এ ছাড়া দুর্গাপুর থেকে মো. শরিফ আহমেদ নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

অনলাইনে উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে রিমন নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম।

অন্যদিকে, সাম্প্রতিক নাশকতার ঘটনায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন খালিয়াজুরি থানার ওসি মো. নাসির উদ্দিন।

প্রতিনিধি/এসএস