Dhaka Mail Logo

সারাদেশ

হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুতের তার চুরি

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৮:১৭ এএম

হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের প্রায় ৪০ ফুট তার চুরি হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা বৈদ্যুতিক খুঁটি থেকে কার্যালয়ে আসা সংযোগের তার কেটে নিয়ে যায়। এতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কার্যালয়টিতে।

কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কার্যালয়ে এসে কর্মচারীরা বিদ্যুতের তার কাটা অবস্থায় দেখতে পান। আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও কার্যালয়ে বিদ্যুৎ না থাকায় তাদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, বৈদ্যুতিক খুঁটি থেকে কার্যালয় পর্যন্ত সংযোগের প্রায় ৪০ ফুট তার কে বা কারা কেটে নিয়ে গেছে।

পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা নতুন করে সংযোগ স্থাপন করে। এরপর কার্যালয়টিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এদিকে, পার্শ্ববর্তী দেবেন্দ্র ভবনের বিদ্যুতের তার চুরির বিষয়ে ভবনের মালিক জানান, তাদের এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটে। কেউ এসব ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেন, আবার কেউ করেন না।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়েই এমন চুরির ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের, তাদের কার্যালয়ই চোরের হাত থেকে রেহাই না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ শহরে বৈদ্যুতিক তার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব ঘটনায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে চুরির প্রবণতা আরও বাড়তে পারে। তাই দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি শহরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের মূল লাইন কে বা কারা কেটে দিয়েছে।

প্রতিনিধি/এসএস