Dhaka Mail Logo

সারাদেশ

ঝিনাইদহে বৈধ কাগজপত্রবিহীন ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক আটক

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম

ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্র ছাড়াই সার নিয়ে যাওয়ার অভিযোগে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করেছেন স্থানীয় লোকজন। পরে ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটিতে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় সার পরিবহন করা হচ্ছিল। তবে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টা পর্যন্ত ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সদস্যদের হেফাজতে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-ট-১১-০১৪১ নম্বরের একটি ট্রাকে যশোরের নওয়াপাড়া থেকে সারবোঝাই করে কুষ্টিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি থামিয়ে কী পণ্য পরিবহন করা হচ্ছে জানতে চান। এ সময় ট্রাকসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নওয়াপাড়া থেকে সার নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছেন তারা।

2bae8138-173e-4f05-83dd-b2db80e3aebe

তবে পরিবহন করা সারের মেমো বা চালান দেখতে চাইলে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নেন।

ঘটনাস্থলে ঝিনাইদহ জেলা যুবদলের নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, সারের চালান পাচারের গোপন সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ক্যাডেট কলেজের সামনে একটি সারবোঝাই ট্রাক আটক করে তাদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালকের কাছে পরিবহন করা সারের কাগজপত্র দেখতে চান। কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। ট্রাকটিতে ৪২০ বস্তা টিএসপি সার ছিল। এ ঘটনায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজেদুল হকসহ তারা সদর থানার ওসি ও পুলিশ সুপারকে অবহিত করেছেন।

মিলন আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এ কারণে সার পাচারের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া উচিত নয়।

2e75cefc-d786-49b1-a77a-27e04228d2a7

জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের আটক করা সারবোঝাই ট্রাকটি দেখতে পান তারা। সরকার সার সিন্ডিকেটের তৎপরতা রুখতে সোচ্চার। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার কেনাবেচা করছেন। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, স্থানীয় লোকজন সারবোঝাই একটি ট্রাক আটক করেছেন বলে তারা খবর পেয়েছেন। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। বিধি অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, সারের কাগজপত্র যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাই-বাছাইয়ে সারগুলো অবৈধ বলে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস