Dhaka Mail Logo

সারাদেশ

হবিগঞ্জে সাড়ে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে সাড়ে ৩৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া মাদক কারবারি বিষ্ণু চন্দ্র কর (৩৩) জেলার চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত উপেন্দ্র চন্দ্র করের ছেলে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসআরবি সূত্র জানায়, সোমবার (৯ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে এসআরবি-৯ সিপিসি৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চুনারুঘাট বাজার হতে একটি ব্যাটারি চালিত ইজিবাইকযোগে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্যসহ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের দিকে যাচ্ছে।

এ সংবাদ পেয়ে এসআরবির অভিযানিক দলটি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় ব্যাটারিচালিত ইজিবাইকটিকে সংকেত দিয়ে থামালে বিষ্ণু চন্দ্র কর পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক তার দেখানো মতে ইজিবাইকের যাত্রী সিটের উপর থাকা ১টি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিনের উপর খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় সাড়ে ৩৩ কেজি গাঁজা ও ইজিবাইকসহ তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার বিষ্ণু চন্দ্র কর ও জব্দ করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস