জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম
কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা এবং তার ব্যবহৃত মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ ঘটনার শিকার হন সাংবাদিক এরফান হোসাইন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কক্সবাজার আদালত চত্বরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এরফান হোসাইন দৈনিক পূর্বকোণ ও দৈনিক ভোরের দর্পণের কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
সাংবাদিক এরফান হোসাইনের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় রহিম উল্লাহ খান রানা নামে এক ছাত্রদল নেতার নেতৃত্বে কয়েকজন তার কাজে বাধা দেন। একপর্যায়ে তাকে মারধর ও হেনস্তা করা হয়।
এরফান হোসাইন জানান, মঙ্গলবার দৈনিক ভোরের দর্পণে ‘কোটি টাকার বাঁধ কেটে মৎস্যপ্রকল্প’ শিরোনামে তার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ছাত্রদল নেতা রহিম উল্লাহ খান রানার ভাই হিরুর নাম আসায় তিনি ক্ষুব্ধ হন বলে জানতে পেরেছেন সাংবাদিক এরফান। প্রতিবেদন প্রকাশের জেরে ওই নেতা সকাল থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
এরই ধারাবাহিকতায় বিকেলে আদালত চত্বরে সংবাদ সংগ্রহের সময় ওই নেতা ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন এরফান হোসাইন।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে ঘটনাস্থল ত্যাগ করার সময় ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করলে হত্যার হুমকিও দেওয়া হয়।
এরফান হোসাইন বলেন, “আমি এ ঘটনার বিচার চাই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের যদি এভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করা কঠিন হয়ে পড়বে।”
এ ঘটনায় কক্সবাজারের সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। পেশাগত দায়িত্ব পালনে বাধা, হামলা, মালামাল ছিনিয়ে নেওয়া এবং হত্যার হুমকির অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা।
একই সঙ্গে অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন তারা।
প্রতিনিধি/এসএস