Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় ডাকাতি মামলার ১৯ বছর পর রায়, ৮ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ০২:০৩ এএম

কুমিল্লার সদর দক্ষিণে ১৯ বছর আগে করা একটি ডাকাতি মামলায় আট আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর সাতজনকে আট বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লার যুগ্ম দায়রা জজ আদালত-১২-এর বিচারক শেখ সাদী রহমান এ রায় ঘোষণা করেন।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. আবাদ মিয়া। আট বছর করে কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন- মো. রফিকুল ইসলাম, মনির হোসেন, মো. আবুল খায়ের ওরফে মনির, দুলাল মিয়া, মো. তাজুল ইসলাম, মজিবুর রহমান ও মো. আবদুর রহিম ওরফে রহিম। মামলার অপর আসামি কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেন, মজিবুর রহমান ও তাজুল ইসলাম এবং খালাসপ্রাপ্ত আসামি কামাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাকাশের উত্তরপাড়া এলাকায় বাদী মো. হারুন মজুমদারের বসতঘরে প্রবেশ করে একদল ডাকাত। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ঘর থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, একটি টর্চলাইট ও একটি টেপ রেকর্ডার লুট করে নিয়ে যায়।

ঘটনার পরদিন ১১ এপ্রিল হারুন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মামলা করেন। মামলায় আবাদ মিয়া, রফিকুল ইসলাম, মনির হোসেন, দুলাল মিয়াসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত করেন সদর দক্ষিণ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রসুল আহমেদ নিজামী। তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তিনি একাধিক আসামিকে গ্রেফতার করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০০৮ সালের ২৯ এপ্রিল মজিবুর রহমান মজিবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্রও দাখিল করা হয়।

পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য আদালতে গড়ায়। ২০১১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণ, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়ের মধ্য দিয়ে ২০০৭ সালের ডাকাতি মামলাটির নিষ্পত্তি হলো।

প্রতিনিধি/এমআর