Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে ভয়াবহ আগুনে পুড়ছে সুতা কারখানা, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় ‘ডেল্টা স্পিনার্স লিমিটেড’ নামক একটি সুতা উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর এই আগুনের সূত্রপাত হয়।

কারখানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার শিফটে কাজ চলাকালীন হঠাৎ করেই মিলের ভেতরে আগুনের লেলিহান শিখা দেখতে পান শ্রমিকরা। তুলা ও সুতা থাকার কারণে মুহূর্তের মধ্যেই আগুন পুরো উৎপাদন ইউনিটে ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসতে সক্ষম হলেও কারখানার ভেতরে থাকা বিপুল কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বাসিন্দা ও মিলের শ্রমিকদের সহায়তায় আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে ভেতরে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সোহেল রানা জানান, আগুন নিয়ন্ত্রণে ৬ টি ইউনিটি কাজ করছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিনিধি/এমআর