Dhaka Mail Logo

সারাদেশ

গ্রামে ফিরেই গ্রেফতার সালথা উপজেলা ছাত্রলীগ সভাপতি

জেলা প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ এএম

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলার ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার তিনি গ্রামের বাড়িতে আসেন। এই খবর জানার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা ফিরোজ খান রাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেফতার করা হয়। তিনি উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।

প্রতিনিধি/এমআর