জেলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর থানা পুলিশের সহযোগিতায় অভয়নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার বিকেলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের রানাভাটা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ২৬ অক্টোবর দুপুরে স্কুলের বাথরুমে গেলে সহকারী শিক্ষক ইমরান হোসেন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ইমরান হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভয়নগর থানায় মামলা করেন। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত শিক্ষক।
অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকার মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা থেকে ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়।’
তিনি আরও জানান, মামলা দায়েরের পর আসামিকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে গত ২৮ অক্টোবর বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল।
এএইচ