Dhaka Mail Logo

সারাদেশ

নারীকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবি-স্থানীয়দের বাধায় ব্যর্থ

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই নারী আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার ওপারে ভারতের অংশে অবস্থান করছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

এর আগে একই দিন সকাল ১১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী পাথরের চর সীমান্ত দিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের নাম-ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তাও বলেন। পরে তাকে শূন্যরেখার ওপারে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘সীমান্তে একজনকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে। আমরা আগের মতোই সেখানে পাহারায় আছি। ওই নারী এখনো ভারতের অংশে রয়েছেন। আমরা তাকে বাংলাদেশে ঢুকতে দিইনি।’

প্রতিনিধি/জেবি