Dhaka Mail Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ৮

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে জেলা শহরে দুর্বৃত্তদের মারধরে আহত নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে চিকিৎসা শেষে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ আওয়ামী লীগের চুয়াডাঙ্গা জেলা শাখার তথ্যবিষয়ক সম্পাদক ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০), নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী ভাংবাড়িয়া এলাকার একটি চায়ের দোকানে গোপন বৈঠক করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদ নহিম জ্যামিকে (৩৯) পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ চিকিৎসা শেষে তাঁকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসে।

জ্যামি চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার মাহাবুব আলম টুটুর ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, রাশেদ নহিম জ্যামি নাশকতা মামলার আসামি। গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে