Dhaka Mail Logo

সারাদেশ

এসআরবি পরিচয়ে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

দিনাজপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. মিরাজুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-১৩।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এদিন ভোরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চতুরাখোর গ্রামে অভিযান চালিয়ে মিরাজুলকে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুরের কোতয়ালী থানার দক্ষিণ ফরিদপুর (হাজেরাপুকুর) এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী এ কে এম মোজাহারুল ইসলাম ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলের পাশে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালান। গত ১৯ অক্টোবর রাত ১০টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত এক ব্যক্তি তার দোকানে এসে নিজেকে দিনাজপুর এসআরবি ক্যাম্পের গোয়েন্দা সদস্য পরিচয় দেন। এ সময় তিনি ক্যাম্পের ক্যান্টিনের জন্য ছয়টি এলপিজি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা প্রয়োজন বলে জানান।

পরদিন ওই ব্যক্তি আবার দোকানে গিয়ে ছয়টি গ্যাস সিলিন্ডার ও একটি চুলা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে বলেন। মালামাল পৌঁছে দিলে মূল্য পরিশোধের আশ্বাসও দেন তিনি। পরে দোকানের ভ্যানচালক তার দেওয়া ঠিকানায় মালামাল পৌঁছে দিলে ওই ব্যক্তি ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ করে দেন। এ ঘটনায় গত ৩০ অক্টোবর ভুক্তভোগী দিনাজপুর কোতয়ালী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

ঘটনার তদন্ত ও অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চতুরাখোর গ্রামে অভিযান চালায়। এ সময় মামলার আসামি মিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজুল বিভিন্ন সময়ে দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে এসআরবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেছেন।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএইচ