Dhaka Mail Logo

সারাদেশ

শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালিপনায় বিপাকে কৃষক

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালিপনায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে যখন সোনালী পাকা ধান কাটার সময় এবং তার পরপরই পেঁয়াজ রোপণের প্রস্তুতি চলছে, ঠিক তখনই উপজেলাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের খালগুলোতে পানি সরবরাহ করা হয়েছে। 

ভেড়ামারা সেচ পাম্প থেকে আসা এই অতিরিক্ত পানির কারণে পাকা ধান কর্তন, বিচালি তৈরি এবং আসন্ন পেঁয়াজ চাষ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকদের অভিযোগ, যখন ধানের শীষে দুধ আসার সময় পানির তীব্র প্রয়োজন ছিল, তখন শত অনুরোধেও এক ফোঁটা পানি মেলেনি। অথচ ফসল তোলার এই ভরা মৌসুমে কোনো চাহিদা না থাকলেও লাখ লাখ টাকা ব্যয় করে খালে পানি ছেড়ে খাল কানায় কানায় ভরিয়ে তুলেছে কর্তৃপক্ষ।

জানা যায়, উপজেলার বিজুলিয়া, হিতামপুর, হাজরা মিনা, পাইকপাড়া, হাকিমপুরসহ বিভিন্ন গ্রাম ঘুরে কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা গেছে। দিগন্তজোড়া মাঠের যেদিকেই চোখ যায়, এখন কেবল পাকা ধান।

বিজুলিয়া গ্রামের পেঁয়াজ চাষি মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের এই অঞ্চলে ব্যাপক পরিমাণে পেঁয়াজ চাষ হয়। পেঁয়াজ রোপণের জন্য উর্বর ও শুকনো মাটির প্রয়োজন হয়। অথচ এই মুহূর্তে মাঠে ও খালে পানি ঢুকিয়ে দেওয়ায় মাটি ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে। এই মাটি শুকাতে শুকাতে পেঁয়াজ চাষের উপযুক্ত সময় পার হয়ে যাবে।’

S

একই কথা জানান হিতামপুর গ্রামের আসাদুজ্জামান ও হাকিমপুর গ্রামের তাইজাল শেখ। তারা বলেন, এই মুহূর্তে কৃষকদের বিন্দুমাত্র পানির চাহিদা নেই। এখন মাঠে পাকা ধান রয়েছে, যা কেটে কয়েকদিন জমিতেই ফেলে রাখতে হয় ভালো মানের বিচালী (গোখাদ্য) তৈরি করার জন্য। কিন্তু মাঠে ও খালের আশপাশে পানি জমে থাকায় ধান কাটা, পরিবহন এবং বিচালি তৈরি করা কৃষকদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

কৃষকদের দাবি, এক থেকে দেড় মাস পূর্বে যখন ধানের পরিপক্বতার জন্য পানির চরম প্রয়োজন ছিল, তখন পানি উন্নয়ন বোর্ডের দ্বারে দ্বারে ঘুরেও পানি পাওয়া যায়নি। অথচ এখন অসময়ে এই কৃত্রিম জলাবদ্ধতা কৃষকদের উপকারের চেয়ে ক্ষতিই বেশি ডেকে আনছে।

কৃষকদের এই দুরবস্থার বিষয়টি শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমানের নজরে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। সেসময় কর্তৃপক্ষ দ্রুত পানি সরবরাহ বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও এখনো খালে পানির প্রবাহ অব্যাহত রয়েছে।

এছাড়া শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের সেচ পরিদর্শক মো. নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও অবিলম্বে পানি সরবরাহ বন্ধের আশ্বাস দেন। তবে সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি সত্ত্বেও অজ্ঞাত কারণে পানির প্রবাহ না কমায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এলাকার শত শত কৃষক।

অসময়ে পানি সরবরাহের এই হঠকারী সিদ্ধান্ত বন্ধ করতে এবং কৃষকদের অপূরণীয় ক্ষতি থেকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন শৈলকুপার ক্ষতিগ্রস্ত কৃষকরা।

প্রতিনিধি/এএইচ