Dhaka Mail Logo

সারাদেশ

সাভারে বিদ্যালয়ের ফটকের পাশে পাওয়া তিন ককটেল নিষ্ক্রিয়

উপজেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

ঢাকার সাভারে অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের পাশে শপিং ব্যাগে পাওয়া তিনটি ককটেল নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বিদ্যালয়ের মাঠে বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে মাঠের আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে এবং বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয়।

মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিদ্যালয়ের মাঠে বিস্ফোরণ ঘটিয়ে তিনটি ককটেল নিষ্ক্রিয় করেন তাঁরা।

পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের পরিদর্শক কাজী তোবারক হোসেন বলেন, ককটেলগুলোতে বিস্ফোরক দ্রব্য থাকলেও কোনো স্প্লিন্টার ছিল না। তবে জনসমাগমস্থলে এগুলো বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটতে পারত। উদ্ধার করা আলামত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/জেবি