Dhaka Mail Logo

সারাদেশ

ধর্মঘট ঘিরে উত্তপ্ত গোপালগঞ্জ, বিভিন্ন স্থানে সংঘর্ষ-আগুন

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ একাধিক যানবাহনে আগুন দেওয়া হয়। সংঘাতের ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরতলির বিসিক ব্রিজ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। 

S

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে তারা সেখান থেকে সরে যান।

এরপর দেশীয় অস্ত্র নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে সড়কে টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

এ সময় শহরের ভেতরের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল বন্ধ থাকে। প্রায় এক ঘণ্টা পর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ পুলিশের হয়রানি বন্ধের আলটিমেটাম দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকইড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তাতে আগুন ধরিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

S

এর আগে শহরের বিসিক এলাকা, পৌর শিশু পার্কসংলগ্ন এলাকা ও মহিলা আলিয়া মাদরাসার সামনে তিনটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অন্যদিকে সকালে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। একপর্যায়ে উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় উত্তেজিত জনতা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত থেকেই জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ঝটিকা মিছিল, মহাসড়ক অবরোধের চেষ্টা ও বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এএইচ