Dhaka Mail Logo

সারাদেশ

ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাস, বড় মজুদের সম্ভাবনা

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় উদগীরিত গ্যাসের আগুন ও পানির প্রবাহ টানা ১৫ দিন ধরে অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় ধরে গ্যাসের প্রবাহ ও চাপ অপরিবর্তিত থাকায় এটিকে সাময়িক ‘পকেট গ্যাস’ নয়, বরং ভূগর্ভে বড় আকারের গ্যাসের মজুদ বা রিজার্ভার থাকার সম্ভাবনা হিসেবে দেখছেন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্সের) ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলাম জানান, গত ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ ও স্থায়িত্ব যাচাই করতে ঘটনাটি পর্যবেক্ষণ করা হয়েছে। এসময় গ্যাসের প্রবাহ ও চাপ একই মাত্রায় অব্যাহত থাকায় এটিকে অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই পরিস্থিতি বিবেচনায় প্রথম অগ্রাধিকার হিসেবে জরুরিভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে এনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পর গ্যাসের উৎস ও মজুদের পরিমাণ নির্ণয়ে ভূতাত্ত্বিক জরিপ করা হবে। পাশাপাশি এ অঞ্চলে গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে হঠাৎ গ্যাস নির্গমন শুরু হয়। পরে গ্যাসের সঙ্গে পানি বেরিয়ে আসতে থাকে এবং আগুন জ্বলে ওঠে। এরপর থেকে টানা ১৫ দিন ধরে গ্যাসের আগুন ও পানির প্রবাহ অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে বড় গ্যাসের মজুদের সম্ভাবনা দেখা দেওয়ায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। সম্ভাবনা যাচাই ও পরবর্তী অনুসন্ধানে ইতিবাচক ফল পাওয়া গেলে এটি দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। 

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় ভূতাত্ত্বিক জরিপ ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়া জরুরি।

প্রতিনিধি/এএইচ