Dhaka Mail Logo

সারাদেশ

৬৬০০ টাকা কেজি দরে বিক্রি হলো পদ্মার এক ইলিশ!

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি ১৪ হাজার ৫২০ টাকায় কিনে নিয়েছেন কক্সবাজারের সেন্ট মার্টিনের এক ব্যবসায়ী।

সেই হিসেবে প্রতি কেজি ইলিশের দাম পড়েছে ৬ হাজার ৬০০ টাকা।

ইলিশটি দৌলতদিয়ায় স্থানীয় আড়তে উন্মুক্ত নিলামে বিক্রির পর অনলাইনে ক্রেতা খুঁজে শেষ পর্যন্ত পৌঁছায় সেন্টমার্টিনের ওই ব্যবসায়ীর কাছে। নিলামের সময় মাছটি একনজর দেখতে ঘাটে ভিড় জমায় উৎসুক জনতা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জেলে হারুন অর রশিদ পদ্মা নদী থেকে মাছটি শিকার করে বিক্রির উদ্দেশে ঘাটে নিয়ে আসেন। 

দীর্ঘদিন পর এত বড় আকৃতির পদ্মার ইলিশ দেখতে পেয়ে স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি হয়। পরে দৌলতদিয়া ঘাটের দেলোয়ার হোসেনের মাছের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি বিক্রির জন্য তোলা হয়।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে দেলোয়ারের আড়তে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে অংশ নিয়ে তিনি প্রথমে ৬ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৮০ টাকায় ইলিশটি কিনে নেন।

তিনি আরও জানান, মাছটি কেনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের এক বিশিষ্ট ব্যবসায়ী মাছটি কিনতে গভীর আগ্রহ প্রকাশ করেন। পরে তার কাছে প্রতি কেজি ৬ হাজার ৬০০ টাকা দরে মোট ১৪ হাজার ৫২০ টাকায় মাছটি বিক্রি করা হয়। 

বর্তমান সময়ে পদ্মার বড় আকারের ইলিশের প্রতি ক্রেতাদের আকর্ষণ তুঙ্গে রয়েছে। অনলাইন মাধ্যমের কল্যাণে এখন দেশের এক প্রান্তের মাছ সহজেই অন্য প্রান্তের ভোজনরসিক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা মৎস্য বাজারের পরিধি যেমন বাড়াচ্ছে, তেমনি ব্যবসায়ীরাও এর ভালো দাম পাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীর ইলিশের স্বাদ ও অনন্য গুণগত মানের জন্য দেশজুড়ে আলাদা খ্যাতি রয়েছে। বিশেষ করে বড় আকৃতির ইলিশ সবসময়ই ক্রেতাদের মাঝে বিশেষ আকর্ষণ তৈরি করে।’ 

তিনি বলেন, ‘নদীর ইলিশের উৎপাদন ও প্রজনন স্বাভাবিক রাখতে নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং সব ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। জেলেরাসহ সংশ্লিষ্ট সবাই যদি এসব নিয়ম নিষ্ঠার সাথে মেনে চলেন, তবে পদ্মায় ইলিশের উৎপাদন আরও বহুগুণ বাড়বে এবং জেলেরাও আর্থিকভাবে দারুণ লাভবান হবেন।’

স্থানীয় প্রবীণ মৎস্য ব্যবসায়ীরা জানান, দৌলতদিয়ার পদ্মার ইলিশের চাহিদা বরাবরই আকাশছোঁয়া। বিশেষ করে বড় সাইজের ইলিশ বাজারে আসার খবর পেলেই ক্রেতাদের মাঝে বাড়তি আগ্রহ দেখা যায়। 

অন্যদিকে আধুনিক অনলাইন প্রযুক্তির সুবাদে এখন দূরদূরান্তের ক্রেতারাও ঘরে বসেই দৌলতদিয়া থেকে সরাসরি পদ্মার সুস্বাদু ইলিশ কেনার সুযোগ পাচ্ছেন বলেও জানান তারা।

প্রতিনিধি/এএইচ