Dhaka Mail Logo

সারাদেশ

খুলনায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার প্রতিবাদে সমাবেশ

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তাও কর্মচারীরা।   

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় সাত রাস্তার মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে বক্তরা বলেন, সাধারণ মানুষ, সাংবাদিক এবং সচেতন নাগরিক সমাজকে এই চাঁদাবাজি বন্ধে এগিয়ে আসতে হবে। পুলিশকে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। শান্তির নগরী খুলনায় অশান্তি মেনে নেওয়া হবে না। 

বক্তারা আরও বলেন, আর যাতে কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজি না হয়, আর যাতে বড় বাজারে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি না হয়। চাঁদাবাজ সন্ত্রাসীরা যাতে আর বাড়তে না পারে, সেজন্য প্রশাসনকে অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।  

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, অন্যথায় মানুষ, চিকিৎসক সমাজ, জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে এসব সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। প্রয়োজনে সাধারণ মানুষ এসব সন্ত্রাসীদের গণপিটুনি দিয়ে খুলনা থেকে বের করে দেবে। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত নার্স, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।  

এর আগে সোমবার (৯ নভেম্বর) ৩০ লাখ টাকা চাঁদাদাবির ঘটনাকে কেন্দ্র করে নগরীর রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসিসহ আশেপাশের সকল ওষুধের দোকান বন্ধ করে দেওয়া হয়। গত ৭ নভেম্বর দুর্বৃত্তরা নগরীর খানজাহান আলী রোডস্থ নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা ও ভাঙচুর করে।

৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর শামসুর রহমান রোডের আব্দুল্লাহ প্যাথলজিতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। যাওয়ার আগে তারা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করে। 

এরপর ২৪ অক্টোবর রাতে চাঁদা না পেয়ে নগরীর বাবুখান রোডস্থ সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর পরদিন দুপুরে প্রতিষ্ঠানের সোনাডাঙ্গা শাখায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া হয়।

প্রতিনিধি/এএইচ