Dhaka Mail Logo

সারাদেশ

পাঁচবিবিতে সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে পথচারীদের ভোগান্তি

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি-বারোকান্দি সড়কের পাশে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার কারণে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। এতে দুর্ভোগে পড়েছেন সড়কে চলাচলকারী পথচারী ও আশপাশের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য ফেলার ফলে পরিবেশদূষণের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাঁচবিবি পৌরসভার হাটবাজারের বর্জ্য এনে সড়কের পাশে ফেলা হচ্ছে। এতে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে সড়ক দিয়ে চলাচলের সময় পথচারীদের নাক-মুখ ঢেকে চলতে হয়। ময়লা-আবর্জনা থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পাঁচবিবি পৌরসভার হাটবাজারের ময়লা-আবর্জনা এখানে এনে ফেলা হচ্ছে। বিষয়টি দেখার কেউ নেই। এই সড়ক দিয়ে যাতায়াতের সময় নাক-মুখে হাত দিয়ে চলাচল করতে হয়।

গোলাপ হোসেন নামে এক পথচারী বলেন, ময়লা-আবর্জনা ফেলার কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পৌরসভার বর্জ্য নির্দিষ্ট একটি স্থানে রাখার ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে মানুষের ক্ষতি হবে।

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক কাশপিয়া তাসরিন বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। নির্ধারিত ডাম্পিং স্টেশন দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন। এ লক্ষ্যে জমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এআর