Dhaka Mail Logo

সারাদেশ

খাগড়াছড়িতে এবার চাঁদের গাড়িতে আগুন

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া সড়কে কে এইচ সিটি হসপিটালের সামনে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জীপ) গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা জিপ গাড়িটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা গাড়িতে আগুন দেয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পানয়। এই গাড়ি চালিয়েই জীবিকা নির্বাহ করতাম। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এই জিপটি। সেটি পুড়ে যাওয়ায় এখন পরিবার নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এ ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, শনিবার মধ্যরাতে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসির বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেন বাসটির চালক।

প্রতিনিধি/ এজে