Dhaka Mail Logo

সারাদেশ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি

উপজেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতির কারণে অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে নির্ধারিত সময়েই আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশ করলেও বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে পুলিশের গুলিতে হতাহতের যে দাবি ছড়িয়েছে, তা নাকচ করেছেন এসপি মমিনুল ইসলাম ভুঁইয়া। তিনি বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ শুধু টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এখানে রাবার বুলেট ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।’

প্রতিনিধি/এসএস