জেলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা ঠেকানোর ঘোষণা দিয়ে চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল শোডাউন করেছে জামায়াতে ইসলামীর যুব বিভাগ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
জামায়াতের যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে নগরীর বহদ্দারহাট মোড় থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল র্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিনিধি/এসএস