Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহী মেডিকেলে ছাত্রলীগের দুই নেতা পুলিশি হেফাজতে, মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সভাপতি ডা. শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রামেক হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। এ সময় তারা বিক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকদের মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান তাদের পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামেক শাখার এই দুই নেতা হাসপাতাল পরিচালকের কার্যালয়ে প্রবেশ করে গোপন বৈঠক করছেন বলে তারা খবর পান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পরিচালকের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ঘেরাও করেন। এ সময় তারা নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে গোপন বৈঠকের নিন্দা জানিয়ে স্লোগান দেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার মারধরের শিকার হন বলে জানা গেছে।

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি এস এম তপু বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ এর আগের বিভিন্ন সময়ে নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে এমন একটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতাল পরিচালকের কক্ষে গোপন বৈঠক করছিলেন। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পরিচালকের কার্যালয় ঘেরাও করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ে যায়। তারা এ ঘটনায় আইনানুগ শাস্তি দাবি করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ওই দুই নেতা তাদের ইন্টার্নশিপ ফিরিয়ে দেওয়ার দাবিতে পরিচালকের কার্যালয়ে এসেছিলেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও চিকিৎসকেরা কার্যালয় ঘেরাও করেন। পরে পরিচালকের অনুরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পুলিশি হেফাজতে নেয়।

আরএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল পরিচালকের কক্ষে প্রবেশ করে। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে ভেতরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করে। পূর্বে পাওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর এলাকায় গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

এদিকে, একই দিন সকালে রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের কাছে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

আরএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, সকালে স্থানীয়রা বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি নিরাপদ দূরত্বে সরিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। পরীক্ষা ও বিশ্লেষণ শেষে বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সারাদেশে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সঙ্গে বিমানবন্দর এলাকায় গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার এবং মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধে রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মহানগর ও জেলার পৃথক ইউনিটের উদ্যোগে নগরী, বিভিন্ন উপজেলা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালিত হচ্ছে।

প্রতিনিধি/এসএস