জেলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম
কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে দোয়েল চত্বরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি কম্পিউটারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি কম্পিউটারের দোকান, একটি রেস্তোরাঁ ও একটি ফুলের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁর মালিক শাহ আলম বলেন, আগুনে তার দোকানের সবকিছু পুড়ে গেছে। এমনকি ঘরের টিনও অবশিষ্ট নেই। এ ঘটনায় তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।
কম্পিউটারের দোকানের মালিক বিপুল কুমার বলেন, ধারদেনা করে কেনা একটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি লেমিনেটিং মেশিনসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এখন কী করবেন, তা বুঝতে পারছেন না।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. এনামুল হক জানান, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। এতে দুটি দোকান পুড়ে গেছে বলে তিনি জানান। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস