Dhaka Mail Logo

সারাদেশ

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

21587c31-9703-446d-8c17-8fda0a9f1d90

ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বাসিন্দারা দ্রুত বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন বলে জানা গেছে।

এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। এর ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টের হোটেল সি প্রিন্সেসে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

প্রতিনিধি/এসএস