Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে ছয়তলা ভবন থেকে পড়ে নেসলে কর্মকর্তার মৃত্যু, তদন্ত দাবি পরিবারের

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

ফেনী শহরে ছয়তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে আহমেদুর রহমান আকাশ (৩০) নামে নেসলের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডাক্তার ডানহাম গলিতে এ ঘটনা ঘটে। তবে তার মৃত্যুর ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

নিহত আকাশ চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর গ্রামের আনোয়ারুল ইসলাম বাহারের ছেলে। তিনি নেসলে কোম্পানির আইটি বিভাগে কর্মরত ছিলেন। ফেনী শহরের ‘মায়ের দোয়া শান্তি মহল’ নামের ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে কিছুদিন আগে স্ত্রী ও প্রথম সন্তানকে নিয়ে চট্টগ্রামে বাবার বাড়িতে যান আকাশের স্ত্রী। তিন দিন আগে চট্টগ্রামের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দ্বিতীয় সন্তান জন্ম নেয়। সোমবার দুপুরের পর চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশে রওনা হন আকাশ।

স্বজনদের দাবি, বিকেল থেকে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। পরে রাত ১১টার দিকে ভবন থেকে পড়ে তার মৃত্যুর খবর পান তারা।

নিহতের খালু বাহা উদ্দিন মোরশেদ বলেন, পারিবারিকভাবে আকাশ বেশ সুখেই ছিলেন। মাত্র তিন দিন আগে তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। এমন পরিস্থিতিতে কীভাবে তিনি ছাদ থেকে পড়ে মারা গেলেন, তা তাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চান।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আকাশ একাই ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে ছাদের দিকে উঠেছিলেন। তবে কীভাবে বা কী কারণে তিনি নিচে পড়ে যান, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস