জেলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গত ১ সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় ১৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানে ৪ হাজার ৭৬২ বোতল মদ, ৩ দশমিক ১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিল এবং ২৪০ গ্রাম গাঁজাসহ ৫১ কোটি ৯৮ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে।

এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন দিন-রাত ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বিজিবি। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংস্থাটি।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
প্রতিনিধি/এসএস