উপজেলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
ঢাকার সাভার ও ধামরাইয়ে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একটি শপিং ব্যাগে ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। পৃথক এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে সাভারের গেন্ডা ও ধামরাইয়ের যাত্রাবাড়ী এলাকায় বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই রাতে সাভার থানা রোডে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বস্তুটি পাওয়া যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতের শেষ দিকে সাভারের গেন্ডা এলাকায় পার্কিং করে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে, রাত ১টার দিকে ধামরাই বাজারসংলগ্ন যাত্রাবাড়ী এলাকায় পোশাকশ্রমিক বহনকারী আরেকটি বাসে আগুন দেওয়া হয়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসগুলোতে আগুন দিয়েছে।
এদিকে, সোমবার রাতে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে ককটেলসদৃশ একটি বস্তু দেখতে পায়। এ ঘটনায় নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বস্তুটি আসলেই ককটেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করবেন। তাদের আসা পর্যন্ত বস্তুটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।
প্রতিনিধি/এসএস