Dhaka Mail Logo

সারাদেশ

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে আ.লীগের ধর্মঘট, ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এসব দৃশ্য দেখা যায়। শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’-এর ফেসবুক আইডিসহ একাধিক অ্যাকাউন্ট থেকে কর্মসূচির ভিডিও প্রকাশ করা হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক নেতাকর্মী বৈঠা হাতে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকে।

অবস্থান কর্মসূচি চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব বিস্ফোরণ কারা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামেও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অবরোধ ও ককটেল বিস্ফোরণের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস