জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
ব্যক্তিগত স্বামী-স্ত্রীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় করার অভিযোগে করা পর্নোগ্রাফি মামলায় আব্দুল্লাহ আল মামুনের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
সোমবার (৯ নভেম্বর) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দেবহাটা উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন। ওই মামলায় গত বুধবার নিজ বাড়ি থেকে মামুনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত ল্যাপটপের সঙ্গে দুই হাজার জিবি ধারণক্ষমতার একটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
মামলায় সোমবার আসামিপক্ষের আইনজীবী এ বি এম আনিছুজ্জামান জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন উপ-পরিদর্শক (সিএসআই) মাজাহারুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কারণে প্রায় সাত মাস আগে স্ত্রীকে তালাক দেন আলমগীর হোসেন নামে একজন। পরে ওই নারীর সঙ্গে দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জিসান বাবুল ও আব্দুল্লাহ আল মামুনের পরিচয় হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, চেয়ারম্যান আলমগীর হোসেনের পারিবারিক জীবনের কিছু ব্যক্তিগত ভিডিও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে অন্যদের হাতে যায়। পরে গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে কয়েক দফায় টাকা দাবি করা হয়। একপর্যায়ে ভিডিও মুছে দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করা হয়।
এ ঘটনায় চেয়ারম্যান আলমগীর হোসেন ছাত্রদল নেতা জিসান বাবুল, আব্দুল্লাহ আল মামুন ও বাদীর সাবেক দ্বিতীয় স্ত্রীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে মামুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। কিন্তু মামলার বাকি আসামিরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
এদিকে আব্দুল্লাহ আল মামুন জেলে থাকলেও তার ব্যবহৃত ফেসবুক থেকে সোমবার একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয় ‘ঘটে যাওয়া সম্পূর্ণ বিষয়টি ছিল মূল একজন নারীকে বাঁচানোর চেষ্টা’।
জেলে থাকা আসামির ফেসবুক সচল নিয়ে স্থানীদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী বলেন, পর্নোগ্রাফি মামলায় জেলে থেকে কিভাবে সে ফেসবুকে সরব। তাহলে কি সে জেলখানায় বসে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করছে, নাকি তার গ্রুপের সক্রিয় সদস্যরা বিষয়টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরো অভিযোগ করেন, মামলার ২নং আসামি গ্রেফতার হলেও বাকিরা এখনো আটক হয়নি। অভিযুক্তদের আটক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আমরা মামলার পর একজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। তবে, আসামি জেলে থাকলেও ফেসবুকে সরব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসামির ব্যবহৃত হার্ডডিস্কসহ বিভিন্ন ডিভাইজ জব্দ করা হয়েছে। ফেসবুকে সরবের বিষয়ে আমাদের কিছু জানা নেই।
প্রতিনিধি/এলএ