Dhaka Mail Logo

সারাদেশ

মানিকগঞ্জে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে ২ শিক্ষার্থী আহত

জেলা প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি প্রথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের ফ্যান পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো- দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজা ও অর্ক। এদের দুইজনের মধ্য অর্ককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং হামজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে ক্লাস চলাকালে ওপর থেকে একটি ফ্যান ভেঙে শিক্ষার্থীদের পাশে পড়ে। এসময় চলন্ত ফ্যানের পাখার আঘাতে দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজা নাকে ও চোখে আঘাত লেগে গুরুতর জখম হয়। আরেক ছাত্র অর্কের আঘাতের পরিমাণটা কম হওয়ায় তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল কাজল জানান, আমাদের বিদ্যালয়ের টিন সেটের ঘরটি জরাজীর্ণ হয়ে বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে। একটু বৃষ্টি হলেই পানি পড়ে। এর আগে কোনো রকমের একটু মেরামত হলেও তা তেমন কোনো কাজে আসেনি। ঝুঁকি নিয়েই আমাদের ক্লাস নিতে হয়।

স্কুলটির দায়িত্বপ্রাপ্ত (সহকারী) প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, অনাকাঙ্ক্ষিতভাবে আজ দ্বিতীয় শ্রেণীর ক্লাশ চলাকালে ফ্যান ভেঙে নিচে পড়ে। এ সময় ফ্যানের পাখার আঘাতে আমাদের দুজন ছাত্র আহত হয়। আমাদের এই ভবনটা জরাজীর্ণ দীর্ঘদিনের। আমরা বিগত প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটা আবেদন দিয়েছি এই ভবনটি মেরামতের জন্য। ভবনটি অতি দ্রুত মেরামত করা প্রয়োজন। তা না হলে আবার যেকোনো সময় এ ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা আজকের বিষয়টিও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, এর আগে দুইবার বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বাজেট এলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে সে টাকাটা আবার ফেরত চলে গেছে।’

তিনি জানান, বিদ্যালয়ের ভেতরে বন্যার্তদের জন্য একটা আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। জায়গাটা প্রাইমারি এবং হাই স্কুলের যৌথ। এখানে তিনটা রুম আমাদের প্রাইমারি স্কুলের জন্য ব্যবহার করার কথা ছিল। কিন্তু সেটা হাই স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করতে দিচ্ছে না। 

শিক্ষা অফিসার আরও জানান, আমরা এ বিষয়টা নিয়ে বসে ওই ভবনে যেন আমাদের শিক্ষার্থীরা ক্লাস করতে পারে, সেই উদ্যোগ গ্রহণের চেষ্টা করছি।

প্রতিনিধি/এএইচ