Dhaka Mail Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে সড়কে উল্টে গেল বাস, নিহত ৩

জেলা প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জে চলন্ত বাস হঠাৎ উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও ১৫ যাত্রী।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চরচামিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা মানছুরা বেগম ও বাবুল হোসেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আহত যাত্রী আব্দুর রহমান বলেন, বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলাম আমরা। চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করলেও তিনি গতি কমাননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।

আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমও এ দুর্ঘটনায় আহত হন। তাদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলার সময় সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। পরে আহত ও নিহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এলএ