Dhaka Mail Logo

সারাদেশ

আগাম সবজি আবাদে ঝুঁকছেন কৃষকরা, বাড়তি আয়ের প্রত্যাশা

জেলা প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

মৌসুমের শুরুতেই বাজারে শীতকালীন সবজি তুলে তুলনামূলক ভালো দাম পাওয়ার আশায় শেরপুরে আগাম সবজি চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। জেলার পাঁচ উপজেলাতেই এ ধরনের আবাদ বাড়ছে। বিশেষ করে গারো পাহাড়ঘেঁষা তিন উপজেলায় শীতকালীন সবজি উৎপাদনের প্রস্তুতি ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। আবহাওয়ার বিরূপতা, অসময়ের বৃষ্টি, অতিরিক্ত তাপমাত্রা এবং পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি থাকলেও সম্ভাব্য লাভের আশায় জমিতে শ্রম দিচ্ছেন তারা।

জেলার বিভিন্ন এলাকার কৃষিজমি ঘুরে দেখা গেছে, ধান কাটার পর অনেক জমিতেই শুরু হয়েছে শীতকালীন সবজির আবাদ। কোথাও সারি সারি বাঁধাকপি ও ফুলকপির চারা, আবার কোথাও শিম, করলা, টমেটো, বেগুন ও লাউয়ের পরিচর্যা চলছে। কৃষকদের লক্ষ্য, শীতের তীব্রতা বাড়ার আগেই এসব সবজি উৎপাদন করে বাজারে সরবরাহ করা। মৌসুমের প্রথম দিকে চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় ভালো দাম পাওয়ার সম্ভাবনাকেই কাজে লাগাতে চান তারা।

ঝিনাইগাতী উপজেলার কৃষক আরিফুল ইসলাম, শ্রীবরদী উপজেলার লিমন মিয়া ও নালিতাবাড়ী উপজেলার রহিম বাদশা জানান, আগাম সবজি আবাদে পরিশ্রম ও খরচ দুটিই বেশি। এরপরও বাজারে ভালো দাম পাওয়ার প্রত্যাশায় তারা চাষাবাদ চালিয়ে যাচ্ছেন। তাদের আশা, অনুকূল পরিবেশ বজায় থাকলে এবার সবজি উৎপাদন থেকে লাভবান হতে পারবেন। এ কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্ষেতের পরিচর্যায় সময় দিচ্ছেন তারা।

শুধু পাহাড়ঘেঁষা উপজেলাগুলোতেই নয়, শেরপুর সদরসহ জেলার অন্যান্য এলাকাতেও আগাম শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের আগ্রহ দেখা যাচ্ছে। এবার বেগুন, আলু, বাঁধাকপি ও ফুলকপিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন তারা। তবে আগাম ফসল উৎপাদনে সাধারণ সময়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় লাভের হিসাব নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। বিশেষ করে ফসল তোলার আগ পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন, রোগবালাই ও ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ নিয়ে উদ্বেগ কাটছে না চাষিদের।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে শেরপুরে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ হয়েছে। গত মৌসুমের তুলনায় এবার আবাদি জমির পরিমাণ বেড়েছে। কৃষকদের মধ্যে আগাম সবজি উৎপাদনের আগ্রহও বাড়ছে। তবে উৎপাদন খরচ কমানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্থানীয় চাষিরা।

তাদের মতে, সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখা গেলে উৎপাদন ব্যয় কমবে। এতে কৃষকের মুনাফা বাড়ার পাশাপাশি বাজারে ভোক্তারাও তুলনামূলক কম দামে সবজি কেনার সুযোগ পাবেন।

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, শীতকালীন সবজির ক্ষেতে রোগবালাই ও ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। বালাইনাশকের সঠিক ব্যবহার, ফসলের পরিচর্যা এবং উৎপাদিত সবজির সুরক্ষার বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে চাষিদের দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, আধুনিক কৃষিপদ্ধতি ও প্রযুক্তি কাজে লাগিয়ে আগাম উচ্চমূল্যের সবজি উৎপাদন বাড়ানোর উদ্যোগ রয়েছে। এজন্য সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা উন্নত পদ্ধতিতে চাষাবাদ করে উৎপাদন বাড়াতে পারেন।

কৃষি সংশ্লিষ্টদের মতে, আগাম শীতকালীন সবজি উৎপাদনে শেরপুরের সম্ভাবনা কাজে লাগাতে কৃষকদের উদ্যোগের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষি বিভাগের মাঠপর্যায়ের সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং চাষাবাদে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে এ খাতে কৃষকদের অংশগ্রহণ আরও বাড়তে পারে। এতে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি মৌসুমের আগেই বাজারে সবজির সরবরাহ বাড়বে, যা ভোক্তাদের চাহিদা পূরণেও সহায়ক হবে।

প্রতিনিধি/এফএ