জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মোট অনুদানের পরিমান ২৮ লাখ ৬০ হাজার টাকা।
এর মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের একজন করে সাংবাদিক অনুদানের চেক পেয়েছেন। তাদের মধ্যে চারজন মৃত সাংবাদিকের পরিবারও রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে এবং আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খ্র্রিষ্টফার হিমেল রিছিল।
শুভেচ্ছা বক্তব্য দেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজে সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দফতর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল করিম রেজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম বলেন, কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার । এর মাধ্যমে আরও অধিক সংখ্যক সাংবাদিকদের অনুদানের আওতায় আনা যাবে। তিনি বিধিমালা অনুযায়ী বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ্য, আর্থিকভাবে অস্বচ্ছল পেশাদার সাংবাদিকদের এই অনুদানের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে নির্ভূলভাবে কাজ করার আহ্বান জানান। এখন থেকে শহর ও গ্রাম সব মৃত সাংবাদিকদের একরম আর্থিক অনুদানের বিষয়ে নীতিমালা প্রনয়ণ করা হচ্ছে।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, সমাজ প্রশাসন রাষ্ট্রকে জবাবদিহীতার আওতায় থাকতে সহযোগিতা করে গণমাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ নিশ্চিত করার মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সেটি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, রংপুরসহ বিভাগের সাংবাদিক ও তাদের পরিবারের জন্য স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবায় সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি করার জন্য যা প্রয়োজন সব করা হবে।
এএইচ