Dhaka Mail Logo

সারাদেশ

শেখ হাসিনাকে ফেরাতে কাশবনের পাশে লুকিয়ে স্বেচ্ছাসেবক লীগের শপথ

জেলা প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে কাশবনের পাশে লুকিয়ে শপথ নিয়েছেন ঝালকাঠির স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়েছেন। সেখানে তারা শপথবাক্য পাঠ করেন। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করতে দেখা যায় তাদের।

ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া জানাচ্ছেন ব্যবহারকারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ