Dhaka Mail Logo

সারাদেশ

পাবনায় সার বিক্রির সময় হট্টগোল, ৬০০ বস্তা লুটের অভিযোগ

জেলা প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

পাবনার চাটমোহরে সার বিক্রির সময় কৃষকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় এক সার ডিলারের গোডাউন ভাঙচুর করে প্রায় ৬০০ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে কৃষকদের বিরুদ্ধে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ছাইকোলা বাজার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বাজারে রহমত, হবু ও নিরু ঘোষ নামের তিন জন ডিলারই সার বিতরণ করছিলেন। পাশাপাশি দোকান হওয়ায় কৃষকরা এলোমেলো ভাবে সারিবদ্ধ হয়েছিলেন। পরে তাদেরকে ওয়ার্ডভিত্তিক সারিবদ্ধ হওয়ার কথা বলা হয়। এসময় হট্টগোল হয়, পরে ডিলারদের মধ্যে রহমত ও হবু নামের দুজন ডিলার সার দেওয়া বন্ধ করে দোকান বন্ধ করে চলে যান।  

এ ঘটনায় নিরু ঘোষের দোকানে চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে কৃষকদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। এসময় উত্তেজিত লোকজন সার ডিলার নিরু ঘোষের গোডাউনে ভাঙচুর চালায়। এ সময় গোডাউন থেকে প্রায় ৬০০ বস্তা সার লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান জানান, অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সার ফেরত নেওয়ার চেষ্টা করছি। ফেরত না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এএইচ