জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে নিজ বাড়ির দরজার সামনে বসে মোবাইলে কথা বলার সময় দুর্বৃত্তের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সাজেক ইউনিয়নের শুকনোছড়া ১০ নম্বর নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে ৯টার দিকে অরুণা চাকমা তার নিজ বাড়ির দরজার সামনে বসে মোবাইলে কথা বলার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার ডান পায়ে ও ডান হাতে গুলির আঘাত লাগে। স্থানীয়দের সহায়তায় তাকে সোমবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কী কারণে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দয়াধন চাকমা বলেন, সাজেক শুকনোছড়া ১০ নম্বর নতুন পাড়া এলাকায় গতকাল (রোববার) রাতে একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুকনোছড়া এলাকায় একজন নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে কে বা কারা গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিনিধি/এলএ