জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
দিনাজপুরের ফুলবাড়ীতে মুদি দোকানের বাকির টাকা চাওয়ায় জাকিরুল ইসলাম নামে এক দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত তিন ভাইয়ের একজন মাহাবুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক খদ্দেরের সঙ্গে জাকিরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। তারই জেরে একপর্যায়ে অভিযুক্ত তিন ভাই মাহাবুর, আব্দুল মাবুদ ও মাহফুজুল মিলে জাকিরুলকে বেধড়ক মারধর করেন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিরুলকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী। এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।
প্রতিনিধি/এএইচ