Dhaka Mail Logo

সারাদেশ

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন 

জেলা প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে ধর্ষণের দায়ে ইউনূস আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত আসামি ইউনূস আলী জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর গ্রামের গাজী রহমানের ছেলে। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুর হক জানান- প্রতিবেশী হওয়ায় ইউনূস আলী মাঝে মধ্যেই ভুক্তভোগী নারীকে প্রেমের প্রস্তাব দিতেন। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে ওই নারী ঘর থেকে বের হলে ইউনূস আলী তাকে বাড়ির পেছনে নিয়ে গেয়ে ধর্ষণ করেন। 

পরে বিয়ের প্রলোভন দিলে মামলা করা থেকে বিরত থাকেন ভুক্তভোগী নারী। কিন্তু পরে বিয়ে না করায় ২৯ সেপ্টেম্বর বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী। সেই মামলায় ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দিলেন আদালত।

প্রতিনিধি/এএইচ