জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম
বরগুনা পৌরশহরের পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহনের করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে (৮ নভেম্বর রাত থেকে ৯ নভেম্বরের প্রথম প্রহর) এ দুটি ঘটনা ঘটে। গভীর রাতে যখন শহর ও আশপাশের এলাকার অধিকাংশ মানুষ ঘুমে, তখন দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিআরটিসির একটি বাস বরগুনা পুলিশ লাইনসের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ লাইনসের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
অন্যদিকে, সদর উপজেলার ধুপতি এলাকায় মো. জব্বার সিকদারের দোকানেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে দোকানটিতে আগুন কীভাবে লেগেছে, নাকি পরিকল্পিতভাবে কেউ আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে তিনি অবগত রয়েছেন। ধুপতি এলাকার দোকানটিতে আগুনের ঘটনাটিও খতিয়ে দেখা হবে। বাসে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
প্রতিনিধি/ এজে