Dhaka Mail Logo

সারাদেশ

‎পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম

পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এ ছাড়া তাঁর বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
‎
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাঁকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
‎
‎আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে।
‎
‎আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ বলেন, ১০ থেকে ১২ জন মিলে তাঁর ভাইয়ের ওপর হামলা চালায়। তাঁর মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া বাম পা ভেঙে দেওয়া হয়েছে এবং পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
‎
‎জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে।
‎
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে