জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ এএম
বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর করে তার মোটরসাইকেল নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় রোববার বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ঠিকাদার মো. রুস্তম হাওলাদার (৪৮)।
গত শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়।
অভিযুক্তরা হলেন- মো. মাহবুব মোল্লা (৪৫), মো. সাকিব হাওলাদার (৩৫), মো. সজিব হাওলাদার (২৫) ও মো. মুবিন মোল্লা (২২)। তাদের বাড়ি মাধবপাশা ইউনিয়নে। প্রধান অভিযুক্ত মাহবুব মোল্লা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা গেছে, রুস্তম হাওলাদার মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২৬০০ মিটার পিচঢালাই কাজের সাবঠিকাদার হিসেবে নিয়োজিত রয়েছেন। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা নির্মাণকাজে বাধা দেন। কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তারা।
অভিযোগে আরও বলা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগাল ও হুমকি দেওয়ার পর মারধর করা হয়। এ সময় তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তার ব্যবহৃত প্রায় এক লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।
ঠিকাদার রুস্তম হাওলাদার বলেন, বিএনপি নেতা মাহবুব মোল্লা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে লোকজন পাঠিয়ে তাকে মারধর করান এবং মোটরসাইকেল নিয়ে যান। অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মে জড়িত বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান রুস্তম।
অভিযুক্ত বিএনপি নেতা মাহবুব মোল্লা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি রুস্তমের কাছে টাকা পাই। ওই সড়কের কাজে আমি পার্টনার (অংশীদার) আছি। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি এনে নিজের কাছে রেখেছি।’
পাওনা টাকা আদায়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া আইনসম্মত কি না, জানতে চাইলে মাহবুব মোল্লা বলেন, বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এমআর