জেলা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
মাকে সঙ্গে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুরে অনুষ্ঠিত ওই মিছিলের ছবি-ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশের পর ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সাইফুল প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), নয়ন মোল্লা (২০), রাব্বি হোসেন (২২) ও সুহান শেখ ওরফে সোহান (২৩)। তাদের সবার বাড়ি পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা ও মেঘনা এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতার পাঁচজন নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় একটি মামলার তদন্তে পাওয়া তথ্য-প্রমাণে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেগুলো পাংশার বাহাদুরপুরে অনুষ্ঠিত মিছিলের বলে দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে নজরুল ইসলাম লেখেন, নিজের গ্রাম থেকেই মুক্তির আন্দোলন শুরু করছেন তিনি। ওই মিছিলে তার মা অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন। অতীতে নিজের ও পরিবারের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক নারী ব্যানারের সামনে হাত উঁচিয়ে স্লোগান দিচ্ছেন। তার পেছনে আরও কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, মিছিলে অংশ নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাহাদুরপুর ইউনিয়নের সক্রিয় কর্মী। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচারসহ বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিল করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এলএ