জেলা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
যশোরে বিয়ের লোভ দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়। এ সময় কিশোরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
আটকরা হলেন- শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার তরিকুল ইসলাম সেন্টু।
পুলিশ জানায়, কিশোরীর বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানির বাড়িতে থাকত। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা আক্তার নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
অভিযোগ রয়েছে, বিয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে রাফেজা ও তরিকুল ওই কিশোরীকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিয়ে আসেন। সেখানে ভুয়া বিয়ের আয়োজনের মাধ্যমে তাকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। কিশোরীকে বিয়ের সাজে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে রাফেজা ও তরিকুল ঘটনাস্থলে ফিরে এলে স্থানীয়রা তাদের পরিচয় ও কিশোরীকে সেখানে আনার কারণ জানতে চান। এ সময় তাদের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুজনকে আটক করে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, উদ্ধার হওয়া কিশোরীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ