Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদপুরে বালু-পাথর ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

চাঁদপুরে উন্মুক্ত স্থানে বালি, পাথরসহ নির্মাণসামগ্রী রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৮ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর, চাঁদপুরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। 

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১১ ও ১৭ ধারা অনুযায়ী উন্মুক্ত স্থানে বালি, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। এসময় প্রসিকিউশন দেন পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। 

পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএইচ