Dhaka Mail Logo

সারাদেশ

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে 

জেলা প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

ময়মনসিংহের ভালুকায় সুতিয়া নদীতে ভাসমান লাশের পরিচয় পেয়েছে পুলিশ। নিহত নারীর নাম সমলা খাতুন (৭০)। তিনি পাগলা থানার জৈদরখালী গ্রামের মৃত ইব্রাহীম সেকের স্ত্রী। 

রোববার (৮ নভেম্বর) দুপুরে ভালুকা মডেল থানায় এসে লাশটি শনাক্ত করেছেন নিহতের পরিবারের লোকজন।

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল থেকেই সমলা খাতুন বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন প্রথমে ভেবে ছিলেন- তিনি কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। তারা সম্ভাব্য আত্মীয় বাড়িতে খোঁজে ব্যর্থ হন। শনিবার সন্ধ্যায় সুতিয়া নদীতে এক নারীর লাশ ভেসে স্রোতে ভাটির দিকে যাচ্ছিল। এক পর্যায়ে লাশটি এসে সতিয়া নদীর দপ্তরীরঘাট এলাকায় কচুরির ধামের সাথে আটকে যায়। রাতেই নিহতের লাশটি পুলিশ উদ্ধার করে। 

রোববার দুপুরে এসে নিহতের পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন। দুই দিন যাবৎ পানিতে পড়ে থাকায় মৃতার লাশটি ফুলেফেঁপে বিকৃত হয়ে গেছে। 

নিহতের ছেলে জামাল উদ্দিন জানান, তা মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি সাঁতার জানতেন না। তাদের বাড়িঘর সুতিয়া নদীর পাড়েই। 

ভালুকা মডেল থানার এসআই ফজল জানান, নিহতের পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে- এটি একটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এলএ