জেলা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন বাস্তবায়নে কাজ করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরের পর ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার বলেন, সারাদেশে স্বাস্থ্য খাতে নতুন অবকাঠামো ও ভবন নির্মাণের কাজ চলছে। এর ফলে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।
পরিদর্শনকালে ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ ছাড়া হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ নিবিড়ভাবে তদারকি করেন।
এর আগে সকালে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন, বিএনপি নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা।
পরিদর্শন শেষে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।