Dhaka Mail Logo

সারাদেশ

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠনের আহ্বান ফরহাদের

জেলা প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।  

তিনি বলেছেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। 

রোববার (৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন চত্বরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সমবায়ের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ছোটবেলায় আমরা একটি গল্প পড়েছি-একজন বাবার ছয় সন্তান ছিল। বাবা প্রত্যেককে একটি করে কাঠি দিয়ে ভাঙতে বললে তারা সহজেই তা ভেঙে ফেলতে পারে। কিন্তু ছয়টি কাঠি একসঙ্গে বেঁধে দিলে কেউ আর তা ভাঙতে পারে না। এই গল্পের শিক্ষা হলো, ঐক্যবদ্ধ শক্তি অনেক বেশি দৃঢ়। ১০ জন, ২০ জন কিংবা ২০০ জন মানুষ যখন একটি ভালো উদ্যোগে একসঙ্গে কাজ শুরু করেন, তখন সেই উদ্যোগের সফলতার সম্ভাবনাও বহুগুণ বেড়ে যায়। 

তিনি আরও বলেন, সমবায় শুধু একটি নিবন্ধনকেন্দ্রিক কার্যক্রম নয়; এটি মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক ঐক্য ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম মাধ্যম। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের নারী-পুরুষকে কৃষি, ক্ষুদ্র ব্যবসা, উৎপাদন, সঞ্চয় ও কর্মসংস্থানসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সমবায়ভিত্তিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। দলবদ্ধভাবে কাজ করতে পারলে মানুষ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবে।

সমবায়ের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করা গেলে নারী-পুরুষের অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হবে। এর মধ্য দিয়েই দ্রুত একটি আত্মনির্ভরশীল জাতি গঠন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

এদিকে পঞ্চগড় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, গত মাসের অপরাধসংক্রান্ত পরিসংখ্যান পর্যালোচনায় খুন, দুর্ঘটনা, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রে ইতিবাচক চিত্র দেখা গেছে। সামগ্রিকভাবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। 

এ ধারা অব্যাহত রাখতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সব সরকারি দফতরের কর্মকর্তাদের আরও জনবান্ধব হতে হবে। সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের সমস্যা ও প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে বলেও নির্দেশনা দেন তিনি। 

তবে সারাদেশে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এটি এখন বড় ধরনের সামাজিক সংকটে পরিণত হচ্ছে। শুধু কিশোর-কিশোরী নয়, বয়স্ক মানুষের মধ্যেও এ প্রবণতা দেখা যাচ্ছে। এ সমস্যা প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন পারিবারিক, সামাজিক ও সম্মিলিত সচেতনতা। 

তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও সভা-সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। হতাশাগ্রস্ত ও মানসিক সংকটে থাকা মানুষ যেন পরিবার ও সমাজের সহযোগিতা পান, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। পরে জেলা প্রশাসন চত্বরে জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে দিবসটির উদ্বোধন করেন তিনি। 

অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএইচ